সোনাইয়ের বারহালি এলপি স্কুলে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠন

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সোনাই শহরের ১০ নম্বর ওয়ার্ডের ৪৭০ নম্বর বারহালি এলপি স্কুল এবং অধীন সাতকরাকান্দি দ্বিতীয় খণ্ডের ৯৬০ নম্বর এলপি স্কুলের পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠন করা হয়েছে। সোমবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। বিগত সভায় নির্বাচিত ১১ জন সদস্যের উপস্থিতিতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন বক্তার উদ্দিন বড়ভূঁইয়া। একইভাবে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি পদে পুনর্নির্বাচিত হন সাবানা বেগম মজুমদার। নজরুল হক লস্করও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শিক্ষা বিভাগের নির্দেশিকা অনুযায়ী পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় ওয়ার্ড কমিশনার নূর আহমদ বড়ভূঁইয়া, প্রাক্তন ছাত্র রিয়াজুল হক লস্কর, স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন লস্কর এবং শিক্ষক আবরারুল হক লস্কর।

প্রাক্তন ওয়ার্ড কমিশনার মতিবুর রহমান লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিগত দিনে স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নে পরিচালন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোনও বিতর্ক ছাড়াই নতুন কমিটি গঠিত হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। বক্তাদের মতে, বিভিন্ন স্কুলের পরিচালন কমিটি গঠনে রাজনীতিকরণ নিয়ে বিতর্ক তৈরি হলেও বারহালি এলপি স্কুলের ক্ষেত্রে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন লস্কর শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি জানান, অধিকাংশ অভিভাবক নিয়মিতভাবে সন্তানদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন না। শিক্ষকরা নিজেদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেলেও শিক্ষার্থীদের উন্নতির জন্য অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন মতিবুর রহমান লস্কর, রিয়াজুল হক লস্কর, প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন লস্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *