বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার রামানুজ গোস্বামীর মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এর অধীক্ষক। তিনি জানান, রামানুজের দেহে কোনও ধরনের গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।
GMCH অধীক্ষক আরও জানান, রামানুজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে স্পষ্ট যে, দুর্ঘটনার ফলেই তাঁর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, সোমবার ভোররাতে প্রায় ৩টা নাগাদ রামানুজ গোস্বামীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য GMCH-এ নিয়ে আসা হচ্ছিল। তাঁর সাত দিনের পুলিশ হেফাজতের মেয়াদ এদিন শেষ হওয়ার কথা ছিল। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি থেকে হঠাৎ লাফ দেন রামানুজ।
এরপর পাহাড়ের উপর থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তাঁকে GMCH-এ নিয়ে আসা হয়। তাঁর মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, দেহে গুলির আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি এবং পড়ে যাওয়ার কারণে হওয়া আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।



