বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর পানিভরা সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে পানিভরাতে অনুষ্ঠিত হবে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গীত। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করবেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে-মাতরম’ এর ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানকে ঘিরে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
ভারতীয় রাষ্ট্রীয় গীত ‘বন্দে-মাতরম’ এর ১৫০ বৎসর পূর্তিতে সামুহিক সমবেত গীতের আয়োজন উপলক্ষে শুক্রবার সরস্বতী বিদ্যানিকেতন পানিভরায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, অভিভাবকগণ ও এলাকার আরও ছটি স্কুলের প্রধান শিক্ষক গণের উপস্থিতিতে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন ও বন্দনার মাধ্যমে আরম্ভ হয় এদিনের অনুষ্ঠান।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য পম্পী নাথ চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, প্রাক্তন জিপি সভাপতি রুক্ষিণী কুমার সিনহা, সমাজসেবী শশী রঞ্জন নাথ, সিআরসিসি বিনীন্দ্র সিনহা, কৃষ্ণচরণ হাইস্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি ডলিরানি নাথ, পানিভরা সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্য শ্রীমতি ঋতুপর্ণা পাল, শ্রীমতি সোনালী চন্দ শ্রীমতি কৃষ্ণা সিনহা, প্রাণকৃষ্ণ চক্রবর্তী, রূপক দাস ও বিদ্যানিকেতনের আচার্য ও পরিচালন সমিতির সকল সদস্যবৃন্দ।
সভায় বিস্তারিত আলোচনার পর কৃপেশ ঘোষকে সভাপতি ও ধীরেন্দ্র সিংহকে সম্পাদক, প্রত্যেক প্রধান শিক্ষককে সদস্য, আচার্যগণকে বিভিন্ন আয়ামের প্রমুখ এবং অভিভাবকগণকে — সদস্য মনোনীত করে একটি স্বাগত সমিতি গঠন করা হয়। প্রভাত ফেরি, সামুহিক সমবেত গীত ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার পানিভরা বাজারে ‘বন্দে-মাতরম’ গীতের বিশেষ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত স্বাগত কমিটি, পরিচালন সমিতি, আচার্যগণ, সমাজের সকল শ্রেণির মানুষের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর ও সার্থক রূপ নেবে বলে আশা ব্যক্ত করে এদিনের সভা সমাপ্তি ঘোষণা করা হয়।



