মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : যুবসমাজই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের প্রধান শক্তি—এই বার্তাকে সামনে রেখে শ্রীভূমি জেলার বাজারীছড়া খণ্ডে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিশেষ যুব সম্মেলন। সংঘের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে শুক্রবার পিএম শ্রী ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে আয়োজিত এই সম্মেলনে প্রায় শতাধিক যুবক অংশগ্রহণ করেন।
বাজারীছড়া খণ্ডের উদ্যোগে আয়োজিত সম্মেলনের মূল লক্ষ্য ছিল যুবসমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সামাজিক দায়বদ্ধতার বোধ জাগিয়ে তোলা। পাশাপাশি একটি শক্তিশালী, সংগঠিত ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সম্মেলনে বৌদ্ধিক দাতা হিসেবে উপস্থিত ছিলেন কর্মকুঞ্জ বিভাগের তিন জেলার জেলা প্রচারক অভিষেক শীল। বক্তব্যে তিনি দেশ ও সমাজের প্রতি যুবসমাজের দায়িত্ব, জাতীয় চেতনা এবং আগামী দিনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএম শ্রী ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রাধাচরণ রবিদাস, বাজারীছড়া খণ্ডের খণ্ড কার্যবাহ দীপক বর্ধন, জেলা সেবা প্রমুখ ঘনশ্যাম কৈরী, জেলা শারীরিক শিক্ষক প্রমুখ সুজয় পাল, জেলা সম্পর্ক প্রমুখ মিঠুন নন্দী, জেলা পরিবেশ প্রমুখ রাম সিংহাসন কৈরীসহ সংঘের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

দুপুর ১২টা থেকে শুরু হওয়া সম্মেলনে বিভিন্ন শারীরিক কার্যক্রমের পাশাপাশি বৌদ্ধিক আলোচনা অনুষ্ঠিত হয়। যুবকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বও ছিল অন্যতম আকর্ষণ। বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি ইতিবাচক দায়িত্ববোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
শতাধিক যুবকের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানের মধ্য দিয়ে দুপুর সাড়ে ২টায় সম্মেলনের সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, সংঘের শতবর্ষ উপলক্ষে এই যুব সম্মেলন আগামী দিনে আরও সংগঠিত ও দায়িত্বশীল যুবশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



