বিশ্ব ভ্রাতৃত্বের বার্তায় বদরপুরে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের অনুষ্ঠান

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বামী বিবেকানন্দের বিশ্বভ্রাতৃত্ব, মানবতা ও সম্প্রীতির আদর্শকে সামনে রেখে বদরপুরের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.সি. কলেজের অধ্যক্ষ পার্থসারথী দাস এবং সম্মানীয় অতিথি ছিলেন পাওয়ার গ্রিডের চিফ ম্যানেজার রত্নদীপ দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চক্রবর্তী অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আন্তঃবিদ্যালয় বক্তৃতা প্রতিযোগিতা। স্বামী বিবেকানন্দের জীবন, আদর্শ, মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের ভাবধারা নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখে।

৭ম ও ৮ম শ্রেণির ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে অম্বিকা চরণ হাইস্কুলের তুলিকা রায়। দ্বিতীয় ও তৃতীয় হয় রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের রিতীকা ভট্টাচার্য ও স্বর্ণালী দাস। ৯ম ও ১০ম শ্রেণির ‘খ’ বিভাগে প্রথম হয় রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের দয়া দে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে অম্বিকা চরণ হাইস্কুলের ভাগ্যশ্রী দেবতায় ও কৌণিক রায়। আয়োজক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের বাইরে রাখা হয়।

বক্তব্যে রত্নদীপ দাস শরীরের বিভিন্ন অঙ্গ এবং সমাজের বিভিন্ন পরিষেবার পারস্পরিক নির্ভরতার উদাহরণ তুলে ধরে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব ব্যাখ্যা করেন। পার্থসারথী দাস শিকাগো ধর্ম মহাসভায় ভাষণ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দের কঠিন সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দৃঢ়তা ও আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেন।

স্বামী বিবেকানন্দের মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *