মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে মানবিক উদ্যোগ নিল ভারতীয় রেডক্রস সোসাইটির শ্রীভূমি জেলা শাখা। পাথারকান্দির বুবরিঘাট হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে রেডক্রসের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী প্রত্যন্ত এলাকার বহু মানুষ অংশ নেন।
শিবিরে মোট ৬৯ জনের চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩২ জনের চোখে ছানি ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁদের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে নির্বাচিত ৩২ জনের শ্রীভূমি রেডক্রস হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে পর্যায়ক্রমে ছানি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে অস্ত্রোপচার শুরু হবে বলে রেডক্রস সূত্রে জানা গেছে।
চক্ষু পরীক্ষার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়। দৃষ্টিশক্তির সমস্যা থাকা রোগীদের চশমা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
শিবিরে চক্ষু বিভাগের স্বাস্থ্যকর্মী গিরিজা শঙ্কর চৌধুরী, বিশ্বজিৎ নাথ সমাজপতি ও সুপর্ণা বিশ্বাস-সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দেন। উপস্থিত ছিলেন রেডক্রসের কোর্ডিনেটর দিব্যজ্যোতি দাস, লাইফ মেম্বার সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, নীলয় চক্রবর্তী, রিপন দাস-সহ অন্যান্য সদস্য।



