ইয়াবা পাচারের মামলায় মণিপুরের দুই বাসিন্দার ১০ বছরের কারাদণ্ড কাছাড় আদালতের

Spread the news

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় মণিপুরের দুই বাসিন্দাকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল কাছাড়ের বিশেষ আদালত। শুক্রবার বিশেষ বিচারক বিপ্রজিত রায়ের আদালত এনডিপিএস আইনের ২২(সি) ধারায় লিয়েনা ওরফে ভানলিয়েন মার (৩৪) এবং সনপাও ওরফে জংপাও হাওকিপ (৪৭)-কে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত লিয়েনা মণিপুরের চূড়াচাঁদপুর এবং সনপাও টেংনোপাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে ঘুংগুর বাইপাস এলাকায় একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। মণিপুর থেকে শিলচরের দিকে আসা ওই গাড়িতে তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাঁচটি প্যাকেটে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট রাখা ছিল বলে পুলিশ জানায়।

ঘটনার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর শুক্রবার আদালত দু’জনকেই দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করার নির্দেশ দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *