সদরঘাটে গাড়ি ও স্কুটির সংঘর্ষে ট্রাফিক পুলিশকর্মীসহ গুরুতর আহত ৪

Spread the news

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : শিলচরের ব্যস্ত সদরঘাট পয়েন্ট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশকর্মীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দুটি চারচাকা গাড়ি ও দু’টি স্কুটির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক দাবি, দুটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিগুলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে এক ট্রাফিক পুলিশকর্মীসহ তিনজন সাধারণ নাগরিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আহতরা রাস্তায় পড়ে থাকলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে (এসএমসিএইচ) পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার জেরে সদরঘাট পয়েন্টে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যস্ততম এই এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *