ভারত-অসমমালা প্রকল্পের রাস্তার কাজ দ্রুত শেষ করতে গুরুত্ব মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : বরাক উপত্যকার তিন জেলায় ভারতমালা, অসমমালা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন রাস্তা ও পরিকাঠামোগত কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন কাছাড়ের অভিভাবক এবং জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক ভ্যালি উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একইসঙ্গে নির্মাণকাজে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত তা সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বুধবার শ্রীকোণাস্থিত আসাম সচিবালয় বরাক উপত্যকা, শিলচরের কনফারেন্স হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, এদিন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভাগ ও নির্মাণকারী সংস্থাগুলিকে কাজের গতি আরও ত্বরান্বিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ নির্দেশে বরাক উপত্যকার সড়ক সংস্কারের জন্য একটি রোড ম্যাপ তৈরি করা হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সড়কগুলির সংস্কারকাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে এদিনের বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হয়। অসমমালা প্রকল্পের পাশাপাশি জাতীয় সড়ক এবং NHIDCL-এর অধীনে চলমান নির্মাণ ও সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে শিলচর থেকে চুরাইবাড়ি পর্যন্ত সড়কের সংস্কারকাজকে অগ্রাধিকার দিয়ে একটি প্রতিবেদন মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানান মন্ত্রী।

কৃষ্ণেন্দু পাল বলেন, বরাক উপত্যকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে শিলচরে আসাম সচিবালয়ের বরাক ভ্যালি কার্যালয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হবে। বরাক উপত্যকায় ফোর-লেন সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, একসময় এই অঞ্চলে ডাবল-লেন সড়কের কাজও সহজে হতো না। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে অসমে দ্রুত উন্নয়ন হচ্ছে।
বৈঠকে বরাক নদীর ওপর মাদারপুর সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করা, শিলচর–বরাপানি এক্সপ্রেস হাইওয়ে, বরাক উপত্যকার তিন জেলায় ভারতমালা প্রকল্পের অধীনে নির্মাণাধীন সড়ক, অসমমালা প্রকল্পের রাস্তা, শিলচর শহরের ফ্লাইওভার, বীরবল বাজার থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সড়ক, শ্রীভূমি মেডিক্যাল কলেজ এবং শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বরাক উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান অবস্থা, নির্মাণকাজে থাকা সমস্যা এবং সেগুলির দ্রুত সমাধানের মাধ্যমে প্রকল্পগুলি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক বিজয় মালাকার, রাজদীপ গোয়ালা, অমিয়কান্তি দাশ, আমিনুল হক লস্কর, জুবের এনাম ও আমিনুল রশিদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বরাক উপত্যকার তিন জেলার জেলা আয়ুক্ত রাহুল গুপ্তা, প্রদীপ কুমার দ্বিবেদী ও জয় বিকাশ, অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদব, পূর্ত বিভাগের আয়ুক্ত ও বিশেষ সচিব সঞ্জীব শ্যাম, NHIDCL-এর কার্যনির্বাহী পরিচালক নির্মাণ কিষান জাম্বুলকর-সহ বিদ্যুৎ ও বন বিভাগের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *