বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে জালুকবাড়িতে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী কৌশিক রায়।
জালুকবাড়িস্থিত ড. ভূপেন হাজরিকা সমন্বয় ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভূপেন হাজরিকার গান, কণ্ঠ ও সৃষ্টিশীলতা অসমের মানুষের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষের মধ্যে মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে। তাঁর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেন।
এদিন মুখ্যমন্ত্রী প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে নতুন রূপে নির্মাণ হতে চলা ড. ভূপেন হাজৰিকা সংগ্রহালয়ের ভার্চুয়ালভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে ড. ভূপেন হাজরিকার অমর সৃষ্টিগুলি সংরক্ষণ এবং তাঁর আদর্শ ও মানবতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে তাঁর সৃষ্টিকর্ম সংরক্ষণ ও স্মৃতি রক্ষার বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানানো হয়।
‘মানুষ মানুষের জন্য’—এই মানবতাবাদী ভাবনাকে সামনে রেখে ড. ভূপেন হাজৰিকার গান ও আদর্শ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।



