বদরপুরে লায়ন্সের চক্ষু শিবির, ৬২ জনের চোখ পরীক্ষা

Spread the news

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর: চোখের আলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বদরপুরে অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের তৃতীয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির। লায়নিস্টিক বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সোমবার অখণ্ড মণ্ডলী, বদরপুর টেনিস গ্রাউন্ড কলোনিতে আয়োজিত এই শিবিরে ব্যাপক সাড়া পড়ে।

লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে, লায়ন্স আই হসপিটাল, শিলচর ও ভ্যালি স্ট্রং সিমেন্টের সহযোগিতায় এবং অখণ্ড মণ্ডলীর সহায়তায় আয়োজিত শিবিরে মোট ৬২ জনের চোখ পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৫ জনের চোখে ছানি শনাক্ত হয়েছে। ছানি ধরা পড়া প্রত্যেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য শিলচরের লায়ন্স আই হসপিটালে রেফার করা হয়েছে। সেখানে তাঁদের বিনামূল্যে আই ও এল ছানি অস্ত্রোপচার করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি, দৃষ্টিশক্তির সমস্যায় থাকা ১৮ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

আয়োজকদের বক্তব্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের কাছে চক্ষু চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়া এবং ছানি রোগীদের দ্রুত শনাক্ত করে তাঁদের অস্ত্রোপচারের আওতায় আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। চোখের চিকিৎসার অভাবে যাতে কোনও মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলেন, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে এ ধরনের শিবির আয়োজন করা হচ্ছে। শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সভাপতি লায়ন ড. স্বপন কুমার দাস, আইপিপি লায়ন মুকেশ আগরওয়াল, লায়ন প্রদীপ্ত দে, লায়ন সুজিত কর, লায়ন এনাম উদ্দিন, লায়ন লুৎফুর রহমান এবং লায়ন ডা. সুমেধা দে।

২৫ জনের ছানি শনাক্ত, বিনামূল্যে আই ও এল অস্ত্রোপচারের জন্য শিলচরে রেফার

লায়ন্স আই হসপিটাল, শিলচরের মেডিক্যাল ও সাপোর্ট টিমে ছিলেন ডাঃ মণিদীপ চক্রবর্তী, নার্স মিতালি দে, সাবিনা ইয়াসমিন ও শামস উদ্দিন লস্কর। তাঁদের চিকিৎসা পরিষেবা ও সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেন অ্যাডভোকেট লক্ষ্মী দত্তগুপ্ত ও অনুরাধা বোস। সাংস্কৃতিক মঞ্চের অরুণ কর্মকার-সহ অখণ্ড মণ্ডলীর সকল কর্মকর্তা ও সদস্য শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের পক্ষ থেকে জানানো হয়, “Service Above Self” – এই মূলমন্ত্রকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে। বিশেষ করে দরিদ্র ও প্রয়োজনমতো চিকিৎসা না-পাওয়া মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চক্ষু চিকিৎসা সংক্রান্ত আরও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন চেয়ারপার্সন তথা পিআরও শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *