আরটিআই নয়, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জনসমক্ষে প্রকাশ করুন: দীপায়নকে বরাকভ্যালি সিটিজেন্স ফোরাম

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা ও স্নাতক ডিগ্রি নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে এবার সরব হলো ‘বরাকভ্যালি সিটিজেন্স ফোরাম’। সোমবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফোরামের পক্ষ থেকে বলা হয়, শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি কোনও সংশয় না থাকে, তাহলে আরটিআইয়ের মাধ্যমে বিষয়টি ঘুরিয়ে না দেখে সংশ্লিষ্ট ডিগ্রির সার্টিফিকেট সরাসরি সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের সামনে প্রকাশ করা উচিত।

ফোরামের সংযোজক শংকর দে বলেন, দীপায়ন চক্রবর্তী যদি সত্যিই বৈধ স্নাতক ডিগ্রিধারী হয়ে থাকেন, তাহলে দ্রুত সেই সংক্রান্ত নথি জনসমক্ষে তুলে ধরলেই যাবতীয় সংশয় দূর হতে পারে। অন্যথায়, বিষয়টি নিয়ে তাঁর অবস্থান আরও প্রশ্নের মুখে পড়বে বলে দাবি তাঁর।

একইসঙ্গে শিলচর রেডক্রসকে ঘিরে ‘শিলচর রেডক্রস মেম্বার্স ফোরাম’-এর পক্ষ থেকে দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলি তোলা হয়েছে, সেগুলিরও স্পষ্ট জবাব দেওয়ার দাবি জানিয়েছে তিনি।

সাংবাদিক সম্মেলনে ফোরামের নবদ্বীপ দাস-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্বচ্ছতা বজায় রেখে প্রয়োজনীয় নথি ও বক্তব্য জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *