বেলতলা বশিষ্ঠপুরে রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

Spread the news

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর: মহানগরীর বেলতলা বশিষ্ঠপুর এলাকায় রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা। একটি বন্ধ ঘরের ভিতর থেকে রিয়া তালুকদার নামে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। ঘরের ভিতরেই মহিলাকে হত্যা করে দেহ ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রতিবেশীরা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ ঘরের দরজা খুলে মহিলার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনাটি বশিষ্ঠপুরের ৪ নম্বর উপপথের ১৪ নম্বর বাড়িতে অবস্থিত ‘অঞ্জলি গৃহ’ নামের বহুতল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ঘটেছে। সেখানে স্বামী রামানুজন গোস্বামীর সঙ্গে থাকতেন রিয়া তালুকদার। ফ্ল্যাটের মেঝেতে রক্তের দাগও পাওয়া গেছে।

ঘটনাস্থলে হাতিগাঁও থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ফরেনসিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় দু’দিন আগে ঘটনাটি ঘটে থাকতে পারে। এদিকে গত দু’দিন ধরে রামানুজন গোস্বামীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে তাঁর ভূমিকা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

জানা গেছে, রামানুজন গোস্বামী পেশায় একজন উবের চালক। প্রায় ছয় মাস আগে ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রী বসবাস শুরু করেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *