৬ সেপ্টেম্বর : দিল্লির সত্য নিকেতনে একটি পুরোনো পাঁচ তলা মেসবাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হল। ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নীচে আরও কতজন আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁদের উদ্ধারে জোরকদমে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এরই মধ্যে রবিবার বিকেল থেকে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা এক পড়ুয়ার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় ওই পড়ুয়াকে কোনও কথা বলতে দেখা যায়নি। অনুমান করা হচ্ছে, নিজের মোবাইলে ভিডিয়ো রেকর্ড করে বন্ধুর কাছে পাঠিয়ে সাহায্যের আবেদন করেছিলেন তিনি।
জানা গিয়েছে, সত্য নিকেতনের ওই পাঁচ তলা বাড়িটিতে মূলত পড়ুয়ারাই ভাড়ায় থাকতেন। কয়েক দশকের পুরোনো বাড়িটি রবিবার দুপুরে আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়ি ধসের আগে গোটা এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে স্নিফার ডগও মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।




