দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : প্রতি বছরের ন্যায় এবছরও শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী শিলচরের রাঙ্গিরখাড়ীস্থিত ভোলোগিরি আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দোৎসব সনাতনী ধর্মীয় নীতি ও নিয়ম মেনে উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে ভক্তদের উপস্থিতিতে জন্মাষ্টমীর উপবাস পালন করা হয়; পরের দিন শনিবার উপবাস ভঙ্গ (পারণ) ও নন্দোৎসব অনুষ্ঠিত হয়।
আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ এবং পুরোহিত হীরক ভট্টাচার্যের নেতৃত্বে এবং রূপম দেব রায়, রুমা দেবরায়, ভোলানাথ চৌধুরী, সৌমেন দত্ত চৌধুরী, পঙ্কজ দে, সুশান্ত সেন, সুমিত পাল, কুটন দাস, ছায়া দাস, বেদবতী দাস দে, ছন্দা দেব প্রমুখের সহযোগিতায় দুই দিনের অনুষ্ঠানমালা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ জানান, পুরাণ অনুযায়ী কৃষ্ণের জন্মের পর তাঁকে কংসের হাত থেকে রক্ষা করতে বসুদেব গোকুলে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন; নন্দের গৃহে কৃষ্ণকে পেয়ে গোকুলবাসী আনন্দে ভাসে এবং সেই আনন্দোৎসবই নন্দোৎসব নামে পরিচিত। শ্রীকৃষ্ণের জন্মের পরদিন পালক পিতা নন্দ সকলকে নিয়ে যে আনন্দোৎসবের আয়োজন করেছিলেন, সেই স্মৃতিতেই জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালনের প্রচলন চলে আসছে। সেই রীতি মেনেই শিলচরের ভোলোগিরি আশ্রমেও উৎসব পালন করা হয়েছে।



