বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মথুরাপুর এফসিকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ওয়াইথাই এফসি। শুক্রবার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেয় দুই দলই। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের ১১ মিনিটে ওয়াইথাই এফসির ডিফেন্ডার মনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-সাদা জার্সিধারীরা। গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় নীল-কালো জার্সিধারী মথুরাপুর। এরই মধ্যে ৩৫ মিনিটে ওয়াইথাই বক্সের সামনে ফাউল করলে পেনাল্টি পায় মথুরাপুর। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান কির্সন।
বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় ওয়াইথাই। ৪১ মিনিটে বক্সের সামনে থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বুলেট। এরপর ৬৫ মিনিটে বক্সের সামনে ফাউল থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ওয়াইথাইয়ের হয়ে তৃতীয় গোল করেন ক্রুসিত। এক মিনিট পর, ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ব্যবধান আরও বাড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি মথুরাপুর এফসি। ৪-১ গোলে জয় নিয়ে শেষ চারে পৌঁছে উচ্ছ্বাসে ভাসে ওয়াইথাই শিবির।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াইথাই এফসির মনা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি শিক্ষাবিদ বিধানচন্দ্র পাল, শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাস এবং সমাজসেবী দেবব্রত পাল। ম্যাচটি পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, কামরুজ্জামান লস্কর ও এম বি সিংহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাস বলেন, ধলাই অঞ্চলে খেলাধুলার উন্নয়ন, প্রচার ও প্রসারে মাতৃভূমি সামাজিক সংস্থার অবদান অনস্বীকার্য। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সংস্থাটি নিরলসভাবে কাজ করে চলেছে।
এদিকে, শনিবার টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইসলামাবাদ এফসি মুখোমুখি হবে এসএসএমএম (SSMM) এফসি কর্কটের।



