অকেজো মিটারে অতিরিক্ত বিল ও স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে শ্রীভূমিতে AAECA-র বিক্ষোভ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : অকেজো ডিজিটাল মিটারে অতিরিক্ত গড় বিলিং বন্ধ, বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং গ্রাহকদের অনিচ্ছার বিরুদ্ধে প্রিপেইড স্মার্ট মিটার বসানো বন্ধসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করল অল আসাম ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (AAECA)-র করিমগঞ্জ জেলা কমিটি।

এদিন সংগঠনের সদস্যরা করিমগঞ্জ এপিডিসিএল কার্যালয়ে জমায়েত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে নিলামবাজার এপিডিসিএল সাব-ডিভিশনের অধীন লাতু, মহিসাশন, আম্বরখানা, চালিয়াদি, দাসগ্রাম, বালিয়া ও কালিগঞ্জসহ বিভিন্ন এলাকার গ্রাহকদের সমস্যার কথা তুলে ধরে সহকারী জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি সুনীতরঞ্জন দত্ত ও সম্পাদক সুজিৎকুমার পাল অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বহু ডিজিটাল মিটার অকেজো হয়ে পড়ে থাকলেও সেগুলি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর পরিবর্তে গ্রাহকদের অতিরিক্ত ও অনুমানভিত্তিক গড় বিল পাঠানো হচ্ছে বলে তাঁদের অভিযোগ। অনেক ক্ষেত্রে স্বাভাবিক ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। AAECA নেতাদের অভিযোগ, কিছু ক্ষেত্রে সরেজমিনে মিটার রিডিং না নিয়েই গ্রাহকদের মোবাইলে বিলের বার্তা পাঠানো হচ্ছে। তাঁদের দাবি, প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের ভিত্তিতে স্বচ্ছ ও সঠিক বিলিং ব্যবস্থা চালু করতে হবে।

এছাড়া পূর্ব নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগও তোলে সংগঠনটি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রচলিত নিয়ম মেনে গ্রাহকদের নির্দিষ্ট সময়ের লিখিত নোটিশ দেওয়ার দাবি জানানো হয়। প্রিপেড স্মার্ট মিটার নিয়েও আপত্তি জানায় AAECA। সংগঠনের অভিযোগ, অকেজো পুরনো মিটার পরিবর্তনের পরিবর্তে গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করে স্মার্ট মিটার বসানোর চেষ্টা চলছে। গ্রাহকের সম্মতি ছাড়া এ ধরনের মিটার বসানো বন্ধের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে পাঁচটি দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—অকেজো মিটার বিনামূল্যে পরিবর্তন, অতিরিক্ত ও কাল্পনিক গড় বিল সংশোধন, সংযোগ বিচ্ছিন্নের আগে যথাযথ নোটিশ প্রদান, প্রতি মাসে সরেজমিনে মিটার রিডিং নিয়ে বিল প্রস্তুত এবং গ্রাহকের অনিচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন বন্ধ করা। সংগঠনের নেতারা জানান, দ্রুত সমস্যাগুলির সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিনের কর্মসূচিতে অজয় চৌধুরী, বিষ্ণু দত্ত পুরকায়স্থ, পৃথ্বীজিৎ দেব, দেবব্রত শুক্ল, গোপালচন্দ্র পাল, সামসুল বারি চৌধুরী, মো. সামস উদ্দিন, মো. সেলিম আহমেদ, রহিমা বেগম, শেখর কোহারসহ সংগঠনের সদস্য ও বিদ্যুৎ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *