মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে দুই দিনব্যাপী জ্যেষ্ঠ পুলিশ সুপারদের সম্মেলনের সমাপ্তি
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে গতকাল থেকে অনুষ্ঠিত রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ সুপারদের দুই দিনব্যাপী সম্মেলনের আজ সমাপ্তি হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে অসম পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সম্মেলনের শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি অপরাধের হার কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনও পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি রোধে দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে অ্যান্টি-নারকোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।

তিনি বলেন, অপরাধের তদন্ত এবং আদালতে চার্জশিট দাখিলের ক্ষেত্রে অসম পুলিশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে নথিভুক্ত মামলাগুলির ৮০ শতাংশেরও বেশি ক্ষেত্রে নির্ধারিত ৬০ অথবা ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে সক্ষম হয়েছে পুলিশ। একইসঙ্গে, মামলায় দোষী সাব্যস্ত করার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে যেখানে এই হার ছিল প্রায় ৭ শতাংশ, বর্তমানে তা বেড়ে প্রায় ২৯ শতাংশে পৌঁছেছে। চলতি বছরে এই হার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমান রাজ্য সরকারের আমলে এটিই জ্যেষ্ঠ পুলিশ সুপারদের প্রথম সম্মেলন। সম্মেলনে জ্যেষ্ঠ পুলিশ আধিকারিকদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং গৃহীত সিদ্ধান্তগুলি আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি জানান, জ্যেষ্ঠ পুলিশ সুপারদের পরবর্তী সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে বঙাইগাঁওয়ে অনুষ্ঠিত হবে। সম্মেলনে অসম সরকারের মুখ্যসচিব ড. রবি কোটা, পুলিশ মহাপরিচালক হরমিত সিং, স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব অজয় তিওয়ারি-সহ অসম পুলিশের জ্যেষ্ঠ আধিকারিক, জ্যেষ্ঠ পুলিশ সুপার এবং সহকারী জেলা পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।



