ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের সমীক্ষা দ্রুত শুরুর দাবি

Spread the news

গোগামুখ-যোররহাট রেলপথের প্রস্তাব পুনর্বিবেচনারও আবেদন

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : কমলাবাড়ি হয়ে গোগামুখ থেকে যোরহাট পর্যন্ত রেললাইন নির্মাণের প্রস্তাব বাতিল হওয়ার পর এবার ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের প্রকল্পের সমীক্ষা দ্রুত শুরু করার দাবি জানাল উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে জানান, কমলাবাড়ি হয়ে গোগামুখ-জোরহাট রেলপথ নির্মাণের সমীক্ষা আগেই সম্পন্ন হয়েছিল। কিন্তু রেলওয়ে প্রকল্প মূল্যায়ন কমিটি গত ২৭ জুলাই অনুষ্ঠিত ২১৩তম বৈঠকে ওই রেলপথ নির্মাণের প্রকল্পটি বাতিল করে দেয়।

এক বিবৃতিতে পরিষদের সভাপতি জানান, কলকাতার গঙ্গার তলদেশ দিয়ে যেভাবে ভূগর্ভস্থ পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে, সেই আদলে যোরহাট থেকে মাজুলি পর্যন্ত ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের দাবি জানিয়ে পরিষদের পক্ষ থেকে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর ২০১৮ সালে রেল দফতরের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ভূগর্ভস্থ রেললাইনের পরিবর্তে কমলাবাড়ি-গড়মুর হয়ে গোগামুখ থেকে জোরহাট পর্যন্ত রেললাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের ঘোষণা দেওয়ায় পরিষদ সন্তোষ প্রকাশ করেছে। বর্তমানে বিষয়টি রেল বিভাগের সমীক্ষা শাখার কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে তিনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের সমীক্ষার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাতিল হয়ে যাওয়া কমলাবাড়ি হয়ে গোগামুখ-জোরহাট রেললাইন নির্মাণের প্রস্তাবটিও পুনর্বিবেচনার জন্য তিনি আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *