বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : পুলিশের একে ৪৭ এর গুলিতে ঝাঁঝরা হয়ে যান দুই সহকর্মী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কামরূপ জেলার বকোতে। বকো পুলিশ স্টেশনের অন্তর্গত গামেরীমুড়া পুলিশ আউটপোস্টে রাতের বেলা ঘটা এই ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গামেরিমুড়া পুলিশ আউটপোস্টে কর্মরত পুলিশ জওয়ান চিরঞ্জীব চৌধুরী AK-47 রাইফেল দিয়ে গুলিচালনা করেন। এই গুলিচালনায় আউটপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্রজিৎ বরা এবং পুলিশ জওয়ান ফজুরুল আলির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাতের বেলা পুলিশ আউটপোস্টের ভেতরে ঘটা এই ঘটনা পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে, কী কারণে পুলিশ জওয়ানটি এভাবে গুলি চালালেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।
ঘটনার খবর পেয়েই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গুলিচালনার পেছনের আসল কারণ এবং পুরো পরিস্থিতির বিবরণ তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানা গেছে।



