দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোরস লিমিটেডের পক্ষ থেকে জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের নবনিযুক্ত সুপারিনটেনডেন্ট গৌতম চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার খাদ্য ও সরবরাহ বিভাগের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সংবর্ধিত করেন সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর হোলসেল কো-অপারেটিভ স্টোরস লিমিটেডের চেয়ারম্যান বিনয়ভূষণ শর্মা, ভাইস চেয়ারম্যান বাসুদেব শর্মা, সম্পাদক হেমন্ত পুরকায়স্থ, মাধব সাহা, তৈইবুর রহমান, তরুণ দেব-সহ সংস্থার অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা।
সংবর্ধনা পর্বের পর সংস্থার সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা, কার্যক্রম এবং খাদ্য ও সরবরাহ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে সুপারিনটেনডেন্ট গৌতম চক্রবর্তীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। সংস্থার পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার বিষয়গুলি তাঁর কাছে তুলে ধরা হয়।
আলোচনায় উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন গৌতম চক্রবর্তী। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে নবনিযুক্ত সুপারিনটেনডেন্টকে শুভেচ্ছা জানিয়ে তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করেন সংস্থার কর্মকর্তারা।



