২ সেপ্টেম্বর: হরমুজ প্রণালি সংলগ্ন দক্ষিণ ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মঙ্গলবার নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাডার, বন্দর ও সামরিক স্থাপনার পাশাপাশি একটি বিয়ের অনুষ্ঠানেও মার্কিন হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমের দাবি, ওই হামলায় অন্তত চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি জ্বালানি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে সামরিক অভিযান শুরু করে মার্কিন বিমানবাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, রবিবার থেকে ইরানের আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সদস্যদের ওপর আইআরজিসির সাম্প্রতিক হামলার প্রচেষ্টার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি বন্দর আব্বাস, জাস্ক ও সিরিক এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের দাবি, সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয়েছে। সেখানে শিশু-সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানা গেছে।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানে মার্কিন হামলা এখনও অব্যাহত রয়েছে বলে ইরানি সূত্রের দাবি। এখন পর্যন্ত বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহসহ একাধিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।



