বন্দুক দেখিয়ে ১০ লক্ষ টাকা দাবি, বাড়িতে ঢুকে তাণ্ডব, উদ্ধার গুলি

Spread the news

মান্তু নাথ, বড়খলা।  
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : কাছাড়ের বড়খলা থানার অন্তর্গত ছেছরী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। বন্দুক দেখিয়ে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ, ছেছরীর বাসিন্দা জাবেদ হোসেন বড়লস্করের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে দুই দুষ্কৃতী। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ১০ লক্ষ টাকা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় জাবেদ হোসেনকে মারধর করা হয় বলে অভিযোগ। এ সময় বাড়িতে থাকা তাঁর এক ভাগ্নেকেও মারধর করে দুষ্কৃতীরা। অভিযোগ আরও, বাড়ি ছাড়ার সময় দুষ্কৃতীরা ১০ দিন পর ফের আসার হুমকি দেয়। পালানোর সময় জাবেদ হোসেনের দু’টি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় তারা।

ঘটনার পরই বড়খলা থানায় বিষয়টি জানান জাবেদ হোসেন বড়লস্কর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই ছেছরী এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে পুলিশ তদন্তের পাশাপাশি তল্লাশি অভিযান চালাচ্ছে।

এদিকে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, এলাকায় নিয়মিত পুলিশি টহল এবং নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাবেদ হোসেন বড়লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *