কাছাড় কলেজ কাণ্ড : বিধায়ক জুবাইর আনামের বিরুদ্ধে সরব বজরং দল

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় কলেজের সাম্প্রতিক হিজাব বিতর্ককে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে। এবার কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনামের বিরুদ্ধে সরব হয়েছে বজরং দল। সংগঠনের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি এবং দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে।

বজরং দলের কার্যকর্তা চিরঞ্জিত কুমার সিংহের দাবি, কাছাড় কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ কোনওভাবেই রাজনৈতিক বা সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রে পরিণত হওয়া উচিত নয়। তাঁর অভিযোগ, সাম্প্রতিক ঘটনাকে ঘিরে অপ্রয়োজনীয়ভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বিধায়ক জুবাইর এনামকে উদ্দেশ্য করে চিরঞ্জিত কুমার সিংহ প্রশ্ন তোলেন, তিনি যদি সত্যিই কলেজের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকেন, তাহলে সরাসরি কাছাড় কলেজে এসে বিষয়টি নিয়ে কথা বলছেন না কেন। পাশাপাশি, সাম্প্রতিক ঘটনায় বজরং দলের নাম কেন টেনে আনা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জুবাইর এনামকে সরাসরি চ্যালেঞ্জ জানান বজরং দলের এই কার্যকর্তা। কলেজ প্রাঙ্গণে এসে গোটা বিষয় নিয়ে কথা বলার আহ্বানও জানান তিনি। কাছাড় কলেজের হিজাব বিতর্ককে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কলেজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পড়াশোনার স্বাভাবিক পরিবেশ যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেই দাবিই জোরালো হচ্ছে বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *