একই দিনে চার প্রকল্পের আয়োজন, ‘রোহিত মেহতা লায়ন্স কোয়েস্ট সপ্তাহ’-এ লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ‘রোহিত মেহতা লায়ন্স কোয়েস্ট সপ্তাহ-২০২৬’-এর অঙ্গ হিসেবে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে সোমবার একই দিনে চারটি পৃথক প্রকল্পের আয়োজন করা হয়। শিলচর ও সংলগ্ন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই কর্মসূচিগুলিতে পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রথম কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শিলচরের বিসফুটির জ্ঞানজ্যোতি মাল্টিপারপাস পাবলিক স্কুলে। সেখানে ‘আমার আদর্শ ব্যক্তিত্ব’ বিষয়ের উপর প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রকল্প চেয়ারপারসন বিপ্লব চক্রবর্তী ও প্রথম উপ-সভাপতি অনুপ রায়ের পাশাপাশি বিদ্যালয়ের অধ্যক্ষা শিপ্রা গুপ্তা ও অন্যান্যদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

দ্বিতীয় কর্মসূচি হিসেবে শিলচরের ইটখোলা হিন্দি পাঠশালায় বৃক্ষরোপণ অভিযান ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতার প্রতি উৎসাহিত করতে তাদের এই কর্মসূচিতে যুক্ত করা হয়। ক্লাবের সভাপতি সঞ্জীব রায়, দ্বিতীয় উপ-সভানেত্রী মিনারা লস্কর, প্রকল্প চেয়ারপারসন পুষ্পাবতী রায় এবং শিক্ষিকা সুনিতা বরই ও সংগীতা দাসের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে মোট ১১টি চারা গাছ রোপণ করা হয়। তৃতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় বড়খলার হলি ক্রস স্কুলে। ‘জাতীয় সংহতি’ বিষয়ের উপর আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট ৩২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রকল্প চেয়ারপারসন শিবু চন্দ্র দাস, সহ-চেয়ারপারসন জহুরুল ইসলাম বড়ভূঁইয়া (জুয়েল) এবং বিদ্যালয়ের অধ্যক্ষ পঙ্কজ চৌলেকের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

চতুর্থ কর্মসূচিতে ‘মি ইন দ্য মিরর’ বিষয়ে বক্তৃতা প্রদানের আয়োজন করা হয়। এতে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। নিজেদের সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও ভাবনা তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরে। প্রকল্প চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায় ও সহ-প্রকল্প চেয়ারপারসন সুবীর দে সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করেন।

দিনব্যাপী এই চারটি কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় ক্লাবের সচিব পিঙ্কি সিং দাস সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ‘রোহিত মেহতা লায়ন্স কোয়েস্ট সপ্তাহ-২০২৬’-এর কর্মসূচিগুলিকে সফল করে তুলতে সকলের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *