ধুবড়ি জেলা ‘মিনি বাংলাদেশ’ : চালিহার বিরুদ্ধে লাহরিঘাটে মামলা মুসলিম ছাত্র সংস্থার

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মরিগাঁও জেলার লাহরিঘাটে বীর লাচিত সেনার নেতা শৃংখল চলিহার বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে মুসলিম ছাত্র সংস্থা (মুসা)। শনিবার মুসার জেলা কমিটির পক্ষ থেকে লাহরিঘাট থানায় এই এজাহার দেওয়া হয়। মুসার কেন্দ্রীয় প্রশাসনিক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এজাহার দাখিলের পর জানান, শৃংখল চলিহা অসমের ধুবড়ি জেলাকে ‘মিনি বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন। এই মন্তব্য সামাজিক সম্প্রীতি, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছে সংগঠনটি।

রফিকুল ইসলাম আরও বলেন, “অসমের কোনো জেলার মানুষকে ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কারও কাছে ধুবড়ি জেলায় বাংলাদেশি নাগরিক বা অবৈধ বিদেশি থাকার বিষয়ে কোনও অভিযোগ থেকে থাকে, তবে তার সপক্ষে যথাযথ ও আইনসম্মত প্রমাণ পেশ করা আবশ্যক।” তিনি স্পষ্টভাবে জানান, শৃংখল চলিহা যদি ধুবড়িতে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতির প্রমাণ দিতে পারেন, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং দেশের বাইরে প্রেরণের ক্ষেত্রে মুসার কোনও আপত্তি নেই। কিন্তু কোনও প্রমাণ ছাড়াই সমগ্র অঞ্চল বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে অপমান করে এমন মন্তব্য করা কখনও মেনে নেওয়া হবে না বলে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে।

উল্লেখ্য, শৃংখল চলিহা গত কয়েকদিন আগে  ধুবুড়ী জেলা নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন ।  মুসলিম ছাত্র সংস্থা এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *