৩০ আগস্ট : ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের স্বীকৃতি হিসেবে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ওলি দারাজালি দোস্তলিক’ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ আনুষ্ঠানিকভাবে মোদির হাতে এই সম্মান তুলে দেন।
সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘দোস্তলিক’ শব্দের অর্থ বন্ধুত্ব। এই সম্মান ব্যক্তিগতভাবে তাঁর কাছে গৌরবের হলেও এর প্রকৃত কৃতিত্ব ভারতের ১৪০ কোটি মানুষের। উজবেক প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সম্মান তিনি ভারত ও উজবেকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্ব, ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্কের প্রতি উৎসর্গ করছেন।
মোদি আরও বলেন, এই স্বীকৃতি তাঁর ওপর একটি বড় দায়িত্বও অর্পণ করেছে। আগামী দিনে দুই দেশের বন্ধুত্বকে আরও দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করতে এই দায়িত্ব পালনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিন তাসখন্দে প্রবাসী ভারতীয়দের দেওয়া অভ্যর্থনায়ও অভিভূত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রবাসী ভারতীয়রা দুই দেশের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করছেন এবং তাঁদের মাধ্যমে ভারত-উজবেকিস্তানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। বৈঠকে দুই দেশের মধ্যে ইউরেনিয়াম সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পাশাপাশি তিনটি ‘সিস্টার সিটি’ ও ‘সিস্টার স্টেট’ চুক্তি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়। দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে একটি রোডম্যাপ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।



