কির্সনের জোড়া গোলে মাতৃভূমির শেষ আটে মথুরাপুর

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : ধলাইতে রবিবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের টানটান উত্তেজনাপূর্ণ খেলায় রোমাঞ্চকর জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো মথুরাপুর এফসি। এদিন জমজমাট ও তীব্র প্রতিদ্বন্দিতামূলক লড়াইয়ে প্রতিপক্ষ ছোটশালগঙ্গা দলকে ২-১ গোলে পরাজিত করে ষষ্ঠ দল হিসাবে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিল মথুরাপুর এফসি।

স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের খেলা ছিল টানটান উত্তেজনায় ভরা ও তীব্র প্রতিদ্বন্দিতামূলক। খেলার ১৮ মিনিটে উইঙ্গার কির্সন এর গোলে এগিয়ে যায় মথুরাপুর এফসি। প্রায় মাঝমাঠ থেকে বল একাই টেনে নিয়ে যান এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে দুর্দান্ত গোল করেন কির্সন। টানটান উত্তেজনাপূর্ণ খেলার ২৪ মিনিটে ডি বক্সের ঠিক সামনে ফাউল করে বসে মথুরাপুর যারফলে পেনাল্টি পেয়ে যায় ছোটশালগঙ্গা। সুযোগটাকে কাজে লাগিয়ে ছোটশালগঙ্গা দলের লেফ্ট উইঙ্গার জনা সমতাসূচক গোল করেন। শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলায় ১-১ গোলে সমতায় থাকে উভয় দল। 

ম্যাচ সমতায় আসায় বেশ রোমাঞ্চকর হয়ে উঠে দ্বিতীয়ার্ধের খেলা। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয়ার্ধের খেলায় জয়সূচক গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে উভয় দল, জমে উঠে অন্তিম সময়ের খেলা। খেলার একেবারে শেষ পর্য্যায়ে ডি বক্সের কাছাকাছি থেকে জোরালো শট মেরে মথুরাপুর এফসি দলকে জয়সূচক গোল এনে দেন কির্সন। ম্যাচে এটি ছিল তাঁর দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ২-১ গোলে রোমাঞ্চকর জয় তোলে নেয় মথুরাপুর এফসি।

উল্লেখ্য ম্যাচে অনবদ্য প্রদর্শনের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন কির্সন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই জিপির প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য। উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও নুংশিতম্বী সিংহ। সোমবার ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউণ্ডের খেলায় আব্দুল এফসি জামালপুর ও ইসলামাবাদ এফসি পরষ্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *