চেন্নাইয়ে কেভিএস জাতীয় ক্রীড়া : অনূর্ধ্ব-১৪ টেবিল টেনিসে শিলচরের বিপ্রজিতের স্বর্ণজয়, অভিনন্দন পরিমল শুক্লবৈদ্যের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : চেন্নাইয়ে অনুষ্ঠিত ৫৫তম কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ অনূর্ধ্ব-১৪ টেবিল টেনিস বিভাগে জাতীয় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে শিলচর তথা সমগ্র আসামের গৌরব বৃদ্ধি করেছে শিলচরের কেন্দ্রীয় বিদ্যালয়, তারাপুরের অষ্টম শ্রেণির ১৩ বছর বয়সি ছাত্র বিপ্রজিৎ দেব বিপ্রজিতের এই অসাধারণ সাফল্যে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ এবং আসাম বিজেপির বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য।

শিলচরের আম্বিকাপট্টির বাসিন্দা বিপ্রজিৎ শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে অধ্যবসায়, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য মানসিক শক্তির মাধ্যমে জাতীয় স্তরে এই সাফল্য অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্ব শুধু শিলচর বা বরাক উপত্যকার নয়, সমগ্র আসামের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন সাংসদ।

পরিমল শুক্লবৈদ্য বলেন, দৃঢ় সংকল্প ও নিষ্ঠা থাকলে কোনও শারীরিক সীমাবদ্ধতাই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না—বিপ্রজিতের সাফল্য তারই উজ্জ্বল প্রমাণ। তাঁর এই জয় যুব সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সাংসদ আরও বলেন, বিপ্রজিতের এই সাফল্যের পেছনে তাঁর বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, প্রশিক্ষক এবং কেন্দ্রীয় বিদ্যালয়, তারাপুরের সমগ্র পরিবারের নিরলস প্রচেষ্টা ও দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতে বিপ্রজিতের ক্রীড়া জীবনের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্ভব সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

পরিমল শুক্লবৈদ্য বিপ্রজিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তাঁর এই অনুপ্রেরণাদায়ক সাফল্য বরাক উপত্যকা ও সমগ্র আসামের আরও বহু তরুণ-তরুণীকে নিষ্ঠা, অধ্যবসায় ও সাহসের সঙ্গে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *