বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : হাইলাকান্দির রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ একাধিক দাবিতে শনিবার হাইলাকান্দি রেলস্টেশনে গণধরনা কর্মসূচি পালন করা হয়। ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রেল পরিষেবার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
কর্মসূচিতে চন্দ্রনাথপুর–লঙ্কা দ্বিতীয় রেলপথের কাজ দ্রুত বাস্তবায়ন, হাইলাকান্দি রেলস্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি, যাত্রীদের জন্য শেড নির্মাণ এবং এক্সপ্রেস ট্রেনে কোচ পজিশন নির্দেশক বোর্ড স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বিশ্রামাগার, পরিচ্ছন্ন শৌচালয় এবং স্টেশনের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবিও তোলা হয়।
সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু হাইলাকান্দি নয়, বরাক উপত্যকার তিন জেলাতেই ধারাবাহিকভাবে এই আন্দোলন কর্মসূচি পালন করা হবে। হাইলাকান্দির পর শ্রীভূমি এবং পরবর্তীতে শিলচরেও গণধরনা ও স্মারকলিপি প্রদান করা হবে। রেল পরিষেবার উন্নয়নের পাশাপাশি বরাক উপত্যকার যাত্রীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এই আন্দোলন আরও জোরদার করার কথাও জানানো হয়েছে।



