বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ক্রমেই বাড়ছে। শনিবার ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নাহারুল ইউনাইটেড এফসিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ওয়াইথাই এফসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে চলতি টুর্নামেন্টের পঞ্চম দল হিসেবে শেষ আটে পৌঁছল তারা। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের ৯ মিনিটে বুলেটের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওয়াইথাই এফসি। ১৫ মিনিটে যোশেফের অনবদ্য গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। তবে পিছিয়ে পড়েও লড়াইয়ে ফেরার চেষ্টা চালায় নাহারুল ইউনাইটেড। ২০ মিনিটে দলের স্ট্রাইকার নুরজামাল গোল করে ব্যবধান কমিয়ে আনেন। ফলে প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে থাকে ওয়াইথাই এফসি।
দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ওয়াইথাই। অন্যদিকে সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে নাহারুল ইউনাইটেড। দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি। টানটান উত্তেজনার মধ্যে ২-১ গোলের জয় নিশ্চিত করে ওয়াইথাই এফসি।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন ওয়াইথাইয়ের যোশেফ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী প্রদীপ বর্মণ, মধু বর্মণ, ধীরেন বর্মণ ও সঞ্জীব বর্মণ।
এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও কৃশ্চিয়ানা মার। রবিবার ‘বি’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ছোটশালগঙ্গা এফসি ও মথুরাপুর এফসি মুখোমুখি হবে।



