নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ অসমের ১২ জন

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নেপালের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অসমের বিভিন্ন জেলার ১২ জন বাসিন্দার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে কার্বি আংলং, গোলাঘাট, হোজাই, কামরূপ মহানগর ও নলবাড়ি জেলার বাসিন্দারা রয়েছেন। নেপালে ভ্রমণে গিয়ে তাঁরা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কার্বি আংলং জেলার ঋতুপর্ণ ব্রহ্ম, মন্ত্ৰী বসুমতারি ও সোনেশ্বর নাৰ্জারি; গোলাঘাট জেলার রাহুল দৈমারি; হোজাই জেলার শতদল নাথ; কামরূপ মহানগর জেলার পংকজ নেওগ, ড. দীপালি সরকার ও মানস কুমার ঘোষ। এছাড়াও নলবাড়ি জেলার অরুণ মহন্ত, ড. তীর্থ চলিহা, পঙ্কজ বর্মণ এবং সমর বেজবরুয়া নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে ড. দীপালি সরকার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা বলে জানা গেছে। তিনি স্বামীকে সঙ্গে নিয়ে ১২ দিনের ভ্রমণের উদ্দেশ্যে গত ২১ আগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এরপর নেপালে ভয়াবহ বন্যা ও দুর্যোগের পরিস্থিতির মধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁদের দ্রুত সন্ধান পাওয়ার আশায় রয়েছেন পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *