শিলচরে দুই মাদকের আস্তানায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মহিলা, পলাতক স্বামীরা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর শহরের দুটি পৃথক মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওয়াটার ওয়ার্কস রোড এবং রংপুর প্রথম খণ্ড এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের স্বামীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়াটার ওয়ার্কস রোডে সীমা বেগম লস্কর (৩৬)-এর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযোগ, ওই বাড়িতেই চলত মাদকের কারবার। তল্লাশি চালিয়ে সীমাকে গ্রেফতারের পাশাপাশি একটি সাবানের কেস থেকে ৭.২১ গ্রাম হেরোইন এবং ৮৮টি ছোট প্লাস্টিকের অ্যাম্পুলে থাকা আরও ২.৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সব মিলিয়ে ওই বাড়ি থেকে মোট ৯.৬৭ গ্রাম সন্দেহভাজন হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অন্যদিকে, রংপুর প্রথম খণ্ড এলাকায় হামিদা বেগম (২৬)-এর বাড়িতেও অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ৮ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ১৪টি সাবানের কেসে রাখা প্রায় ৭৩৯ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানের পর হামিদাকেও গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, সীমা ও হামিদার স্বামীরাও মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে অভিযুক্ত দুই মহিলা এই কারবারের মূল পরিচালনাকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় তাঁদের স্বামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতকদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। একইসঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস ও এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *