জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : জাতীয় নারী সমতা দিবস উপলক্ষে বুধবার লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারী অধিকার সুরক্ষায় এক বিশেষ পদক্ষেপ হিসেবে শ্রীভূমি জেলার মালেগড় ব্লকের অন্তর্গত কুশিয়ারা মডেল সিএলএফ-এর অধীনে ‘জেন্ডার রিসোর্স সেন্টার’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশন বা এএসআরএলএম-এর অধীনে প্রতিষ্ঠিত এই জেন্ডার রিসোর্স সেন্টারটি তৃণমূল স্তরে লিঙ্গ সমতা প্রচার, প্রয়োজনীয় কারিগরি ও সামাজিক সহায়তা প্রদান, আইনি সুবিধা সুগম করা এবং বৈষম্য ও সহিংসতার শিকার নারীদের সাহায্যার্থে একটি প্রাতিষ্ঠানিক কেন্দ্র হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমির এসএসপি লীনা দোলে।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি মুকুট কাকতি, ডিএসপি মানস প্রতিম চৌধুরী, শ্রীভূমি পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ, সাদারাশি পঞ্চায়েতের সভানেত্রী সঙ্গীতা সরকার, মিশন শক্তির ডিপিসি ঈশিতা দাস এবং ‘সখী-ওয়ান স্টপ সেন্টার’-এর প্রতিনিধি নিবেদিতা দেবনাথ। আয়োজক এবং অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের পক্ষে উপস্থিত ছিলেন এএসআরএলএম শ্রীভূমির ডিপিএম মোনালিসা দাস সহ ডিএমএমইউ ও বিএমএমইউ-এর আধিকারিকবৃন্দ, নারী সুরক্ষা কোষের সদস্যগণ, কমিউনিটি ক্যাডার এবং কুশিয়ারা মডেল সিএলএফ-এর সদস্যবৃন্দ। নবউদ্বোধিত এই সেন্টারে নির্যাতিত নারীদের জন্য পরামর্শ কক্ষ, সাময়িক আবাসন সুবিধা, জেন্ডার নলেজ হাব এবং প্রাথমিক আইনি সহায়তার মতো জরুরি সুবিধা থাকবে। সম্মানিত অতিথিদের মূল্যবান দিকনির্দেশনা এবং স্থানীয় নারী ও কমিউনিটি ক্যাডারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।



