বিটিসির ডেপুটি স্পিকার বিজিত গৌরা নারজারির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : বিটিসির ডেপুটি স্পিকার তথা বিজেপির প্রবীণ নেতা বিজিত গৌরা নারজারির মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় তামুলপুরের কুমারিকাটায় নিজের ব্যক্তিগত বাসভবন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর স্থানীয় পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়ে নমুনা সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে পুলিশ জানিয়েছে। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিজিত গৌরা নারজারির আকস্মিক মৃত্যুতে অসমের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিটিসির গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। প্রথমে বিটিসির এক্সিকিউটিভ মেম্বার (ইএম) এবং পরে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিপিএফ সভাপতি হাগ্রামা মহিলারি, অসমের মন্ত্রিসভার সদস্য অশোক সিংহল এবং সাংসদ দিলীপ শইকিয়া-সহ একাধিক রাজনৈতিক নেতা। তাঁরা এই মৃত্যুকে জনজীবনের জন্য এক গভীর ও ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *