বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নারী সমতা দিবস উপলক্ষে বরাক উপত্যকার দুই বিশিষ্ট ও সফল মহিলাকে সম্মান জানাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শিক্ষা ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়।
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বরূপা ভট্টাচার্যকে শিক্ষাক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং সমাজের প্রতি নিষ্ঠার জন্য সম্মানিত করা হয়। পাশাপাশি কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী ভবানী ভট্টাচার্যকে শিক্ষা বিভাগের প্রশাসনিক কাজে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার জন্য সংবর্ধনা জানানো হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা ও নিষ্ঠার মাধ্যমে এই দুই মহিলা নারী সমতার ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও সাফল্য আগামী প্রজন্মের মহিলাদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়। দুই বিশিষ্ট মহিলাকে তাঁদের নিজ নিজ বাসভবনে গিয়ে সম্মান জানান লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি-র একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি সঞ্জীব রায়। তাঁর সঙ্গে ছিলেন সহ-সভাপতি অনুপ রায়, সামসুল ইসলাম, প্রকল্প চেয়ারপার্সন বান্দিতা ত্রিবেদী রায়-সহ অন্যান্য সদস্য। এদিন সম্মানিতদের হাতে লায়ন পিন, ডায়েরি, স্মারক উপহার এবং উত্তরীয় তুলে দেওয়া হয়। ক্লাবের কর্মকর্তারা জানান, নারী সমতা ও নারীর ক্ষমতায়নের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।



