বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে করুণ পরিণতি হল এক কিশোরের। বুধবার শিলচরের দুধপাতিল এলাকায় নদীতে তলিয়ে যায় ১৪ বছরের রোহিত সিং। ঘটনার পর থেকে তার সন্ধানে নদীতে তল্লাশি চালানো হলেও এখনও তার কোনও খোঁজ মেলেনি। জানা গেছে, রোহিত সিং শিলচরের কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার পরিবারের বাড়ি সোনাই সুন্দরী জিপির বনতারাপুর এলাকায়। পড়াশোনার সুবাদে মা তাকে নিয়ে শিলচর শহরের তারাপুর ইঅ্যান্ডডি কলোনি এলাকায় থাকেন।
বুধবার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে অন্নপূর্ণা ঘাটের ওপারে দুধপাতিল এমভি স্কুলের মাঠে গিয়েছিল রোহিত। খেলার সময় কোনওভাবে ফুটবলটি নদীর জলে পড়ে যায়। সেটি তুলে আনতে নদীতে নামার পর আচমকাই গভীর জলে তলিয়ে যায় সে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোহিতকে উদ্ধারের জন্য নদীতে তল্লাশি অভিযান শুরু করা হলেও দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



