বেঙ্গালুরুতে বাইক দুর্ঘটনায় পাথারকান্দির যুবকের মৃত্যু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : জীবিকার তাগিদে সুদূর বেঙ্গালুরুতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাথারকান্দির এক যুবক। মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় পাথারকান্দির পুরাতন কালীবাড়ি এলাকার বাসিন্দা কালী দাস ওরফে বিশু দাসের (৩৪)। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন বিশু দাস। সেখানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ কর্মস্থল থেকে বাইকে করে ঘরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রয়াত যোগেশচন্দ্র দাসের পুত্র বিশু দাসের মৃত্যুসংবাদ মঙ্গলবার রাতেই পাথারকান্দিতে পৌঁছায়। খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়িতে নেমে আসে শোকের আবহ। দূর শহরে কর্মরত এক যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।

পুলিশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বুধবার মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বিমানে করে মরদেহ শিলচরে আনা হবে। এরপর সড়কপথে তা পাথারকান্দিতে নিয়ে আসা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ইতিমধ্যেই তাঁর বাড়িতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের ভিড় জমতে শুরু করেছে।

বিশু দাসের পরিবারে রয়েছেন স্ত্রী ও মাত্র ছয় মাসের এক কন্যাসন্তান। এই মর্মান্তিক ঘটনায় পাথারকান্দি এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *