বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও নারী হত্যার মতো অপরাধ বন্ধ করা, মাদকাসক্তির প্রসার রোধ এবং গণমাধ্যমে অশ্লীলতা ও নারী অবমাননাকর বিষয়বস্তুর বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ধোয়ারবন্দে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
নারী সমাজের নিরাপত্তা, মর্যাদা রক্ষা এবং মদ, ড্রাগস ইত্যাদি বন্ধের দাবিতে আলোচনা হয়। সম্মেলনে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা গ্রহণ, মদ ও মাদকদ্রব্যের অবাধ প্রসার বন্ধ এবং গণমাধ্যমে অশ্লীলতা ও নারী অবমাননাকর বিষয়বস্তু প্রদর্শন বন্ধের দাবি জানান।
সম্মেলনে সংগঠনের ১৫ সদস্যের ধোয়ারবন্দ লোকাল কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মায়া বাকতি এবং সম্পাদক হিসেবে লিলি ঘাটোয়ার নির্বাচিত হন।
সম্মেলন থেকে নারী-নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।



