বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত বলদাবলদি তৃতীয় খণ্ড থেকে ২১ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম ফজল ইসলাম বড়ভূইয়া। জানা গেছে, গুয়াহাটির স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রামনাথপুর পুলিশ মঙ্গলবার শেষ রাতে অভিযান চালায়। ওই অভিযানে গ্রামের নিজ বাড়ি থেকে ফজল ইসলামকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক দাবি, বাংলাদেশের একটি জেহাদি সংগঠনের সঙ্গে ওই যুবকের যোগাযোগ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংগঠনটির সঙ্গে তাঁর যোগাযোগের প্রকৃত কী এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ঘটনার পর বলদাবলদি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। রামনাথপুর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার যৌথভাবে তদন্ত অব্যাহত রয়েছে।
তদন্তের স্বার্থে আটক হওয়া যুবকের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে।



