বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : হাইলাকান্দি শহরের নতুন পাড়ার বাসিন্দা বিশিষ্ট নাগরিক, প্রাক্তন ট্রেড ইউনিয়ন নেতা তথা অবসরপ্রাপ্ত বিদ্যুৎ বিভাগের সার্কল সুপারিনটেনডেন্ট শিবদাস পুরকায়স্থের মৃত্যুতে পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২৪ আগস্ট শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য গুণমুগ্ধ ও শুভাকাঙ্ক্ষীকে রেখে গেছেন। তিনি হাইলাকান্দি নতুন পাড়ার বিশিষ্ট নাগরিক প্রয়াত শশীরঞ্জন পুরকায়স্থ ও সুরজু বালা পুরকায়স্থের জ্যেষ্ঠ পুত্র ছিলেন।
কর্মজীবনে তিনি বিদ্যুৎ বিভাগের কর্মচারী হিসেবে বড়পানি, শিলং ও গুয়াহাটিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে হাইলাকান্দি থেকেই অবসর গ্রহণ করেন। তিনি শ্রমিক-কর্মচারী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সকলেই প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।



