মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে চলেছে মালুয়া-মাথারপুর বরাক নদী সেতু। নির্মীয়মাণ এই গুরুত্বপূর্ণ সেতুকে ঘিরে ইতোমধ্যেই মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। সেতুটি সম্পূর্ণ হলে বরাক নদীর দুই পাড়ের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি যাতায়াতের সময় ও দূরত্বও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে শনিবার প্রকল্পস্থলে পৌঁছান অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি সেতুর বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিক ও নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। গুরুত্বপূর্ণ এই প্রকল্পে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত না করার পাশাপাশি নির্মাণের ক্ষেত্রে মান বজায় রাখার ওপর জোর দেন মন্ত্রী।
মালুয়া–মাথারপুর সেতু চালু হলে সাধারণ যাত্রীদের পাশাপাশি কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা উপকৃত হবেন। কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছানোর সুযোগ বাড়বে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি আসতে পারে। শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় দ্রুত পৌঁছানোর ক্ষেত্রেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উন্নত যোগাযোগের ফলে প্রত্যন্ত এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড, পর্যটন এবং কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, বরাক উপত্যকার মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে সরকার একাধিক পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে।



