মনীষীদের অপমান ও মূর্তি ভাঙার প্রতিবাদে শিলচরে নেতাজি চর্চা সমিতির প্রতিবাদ সভা

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ ভারতের মনীষীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, কটূক্তি এবং দেশের বিভিন্ন স্থানে তাঁদের মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে শনিবার শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল নেতাজি চর্চা সমিতি। শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভাটি পরিচালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য, বিশিষ্ট সমাজকর্মী ও নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত এবং হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি ও সমাজকর্মী সিহাব উদ্দিন আহমেদকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন নেতাজি চর্চা সমিতি, শিলচরের সম্পাদক সুব্রত চন্দ্র নাথ।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নেতাজি ফাউন্ডেশনের শিলচর শাখার অন্যতম কর্ণধার নীহার রঞ্জন পাল, নাগরিক অধিকার রক্ষা কমিটি, আসামের সেক্রেটারি জেনারেল সাধন পুরকায়স্থ, রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, অধ্যাপক ড. অজয় রায়, ইয়াসি-র সভাপতি সঞ্জীব রায়, সমাজকর্মী মিহির নন্দী, রাজকুমার সিনহা এবং প্রাক্তন শিক্ষক শ্যামদেও কুর্মী-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলন ও আধুনিক চিন্তাধারাকে এগিয়ে নিতে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দসহ মনীষীদের অবদান অনস্বীকার্য। তাঁদের আদর্শ ও চিন্তাকে অবলম্বন করেই দেশের মানুষ কুসংস্কার ও পশ্চাৎপদতা থেকে বেরিয়ে স্বাধীনতার সংগ্রামে নিজেদের আত্মনিয়োগ করেছিলেন। অথচ বর্তমানে কিছু রাজনৈতিক নেতা এবং উগ্র সাম্প্রদায়িক ও প্রাদেশিকতাবাদী শক্তির মদতপুষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এই মহান মনীষীদের নিয়ে অশালীন মন্তব্য এবং তাঁদের মূর্তি ভাঙার অভিযোগ উঠছে।

কলকাতা থেকে শিলং—বিভিন্ন স্থানে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মতো দেশবরেণ্য ব্যক্তিত্বের মূর্তি ভাঙার ঘটনাকে সভা থেকে তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, এ ধরনের ঘটনা ভারতের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থী। কোনো সভ্য সমাজে বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের বিরুদ্ধে অশালীন ও অবমাননাকর ভাষা ব্যবহার মেনে নেওয়া যায় না।

সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য ও হরিদাস দত্ত বক্তব্য রাখেন। সভার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিহাব উদ্দিন আহমদ।
প্রতিবাদ সভায় শিলচরের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে মনীষীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *