বরাক তরঙ্গ, ২২ আগস্ট : মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে শনিবার শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল ইসলামাবাদ এফসি। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে এনএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাংকে ট্রাইবেকারে ৭-৬ গোলে পরাজিত করে ইসলামাবাদ।
খেলার শুরু থেকেই মাঠে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধে দু’দলের কেউই গোলের মুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে মাঝমাঠের দখল নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের ৬৫ মিনিটে নুনতের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এনএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাত্র চার মিনিট পর, অর্থাৎ ৬৯ মিনিটে দুর্দান্ত গোল করে ইসলামাবাদকে সমতায় ফেরান এলেক্স। নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তির জন্য ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৭-৬ গোলে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ইসলামাবাদ এফসি।
ম্যাচে অনবদ্য পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের খেলোয়াড় নানফুইয়াকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি দেবব্রত সিংহ ও আনোয়ার হোসেন লস্কর।

এদিনের ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, জাফর বড়ভূইয়া ও কৃশ্চিয়ানা মার।
এদিকে, রবিবার ‘ডি’ গ্রুপের তৃতীয় খেলায় মুখোমুখি হবে এসএসএমএম কর্কট ও মারিয়া এফসি।



