মেঘালয়ে আটকে পড়া অসমের পর্যটকদের ৪৮ ঘণ্টার মধ্যে ফেরানোর হবে : উপ মুখ্যমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : মেঘালয়ে আটকে পড়া অসমের পর্যটকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটক ও তাঁদের গাড়িগুলিকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে অসমে পাঠানো হবে বলে জানিয়েছেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী এস ধর। শনিবার দুই রাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তিন দিন ধরে অসম-মেঘালয় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। গত ১৯ আগস্ট শিলঙে অসমের গাড়ি ও পর্যটকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে খানাপাড়া ও জোরাবাট এলাকায় অসমের ট্যাক্সি চালক সংগঠন, পরিবহণ সংগঠনসহ বিভিন্ন জাতীয় দল ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি চলছে।

প্রতিবাদকারীরা মেঘালয়ের গাড়ি অসমে প্রবেশ এবং অসম থেকে মেঘালয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছেন। এর জেরে দুই রাজ্যের মধ্যে যান চলাচল কার্যত ব্যাহত হয়েছে। পরিস্থিতির প্রভাব পড়েছে মেঘালয়ের জ্বালানি সরবরাহেও। শিলংসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।

এই অচলাবস্থা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে শনিবার গুয়াহাটির খানাপাড়ার ১ নম্বর রাজ্যিক অতিথিশালায় অসম ও মেঘালয় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অসমের সীমান্ত সুরক্ষা ও উন্নয়নমন্ত্রী অতুল বরা, মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী এস ধর এবং দুই রাজ্যের শীর্ষস্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট খাসি ছাত্র সংঘের (KSU) উদ্যোগে শিলঙে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর থেকেই দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে মেঘালয়ে আটকে থাকা অসমের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *