বরাক তরঙ্গ, ২২ আগস্ট : সারা অসম পুরসভা আয়ুক্ত সংস্থা (AAMBC)-এর সভাপতি ড. সুরজিৎ বর্মনের উপস্থিতিতে সংস্থার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে নগর শাসন ব্যবস্থা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে পুর প্রশাসনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নাগরিককেন্দ্রিক ও কার্যকর নগর শাসন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পুর প্রশাসনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি উন্নত নগর পরিষেবা গড়ে তুলতে সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি।
জনসাধারণকে নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদানে যাতে কোনও ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য পুর প্রশাসনের কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। একইসঙ্গে পুর এলাকাগুলিতে জনসেবামূলক প্রকল্প ও কাজ বাস্তবায়নে বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বৈঠকে গৃহ নির্মাণ ও নগর বিষয়ক বিভাগের সচিব তথা পুর প্রশাসনের ভারপ্রাপ্ত পরিচালক টংকেশ্বর দাসও উপস্থিত ছিলেন।



