পুলিশের এনকাউন্টারে আহত দুর্ধর্ষ ডাকাত

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বঙাইগাঁওয়ের যোগীঘোপায় পুলিশের গুলিতে আহত হয়েছে দুর্ধর্ষ ডাকাত বরাত আলি। যোগীঘোপার নরনারায়ণ সেতুর কাছে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় পুলিশ। পুলিশের একটি গুলি তার ডান পায়ে লাগে।

গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের বাসিন্দা বরাত আলিকে ডাকাতির একটি মামলায় কৃষ্ণাই থেকে গ্রেপ্তার করেছিল যোগীঘোপা পুলিশ। শুক্রবার তাকে কৃষ্ণাই থেকে যোগীঘোপা থানায় নিয়ে আসার পথে নরনারায়ণ সেতুর কাছে প্রস্রাব করার জন্য গাড়ি থেকে নামানো হয়। অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সে যোগীঘোপা থানার পুলিশ কনস্টেবল কমল রায়ের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে।

পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত বরাত আলিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফের আটক করে পুলিশ। প্রথমে চলন্তাপাড়া সমষ্টিগত স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য বঙাইগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, বরাত আলির হামলায় পুলিশ কনস্টেবল কমল রায়ও আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট যোগীঘোপার খেরপুজিতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ, মেঘালয়ের নংস্টইন থেকে পুরনো গাড়ি কিনতে আসা ছয়জন খাসি ব্যক্তিকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। ঘটনার পর তদন্তে নামে যোগীঘোপা পুলিশ। তদন্তের ভিত্তিতে শুক্রবার বিকেলে কৃষ্ণাই থেকে বরাত আলিকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *