নেতাজি ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে হামলার প্রতিবাদে সরব বিভিন্ন সংগঠন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট :
শিলঙে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাল বিভিন্ন সংগঠন। শুক্রবার সন্ধ্যায় নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে শিলচরের অম্বিকাপট্টিতে ফাউন্ডেশনের কার্যালয়ে এক প্রতিবাদী সভায় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে ঘটনার নিন্দা জানান।

সভায় নেতাজি গবেষক ও লেখক নীহাররঞ্জন পাল বলেন, এ ধরনের বিদ্বেষপূর্ণ মানসিকতা নতুন নয়। অতীতেও একই ধরনের ঘটনার নজির রয়েছে। অ-খাসি মানুষের ওপর বারবার হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সাধন পুরকায়স্থ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক বা সামাজিক দাবি আদায়ের জন্য আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু আন্দোলনের নামে নিরীহ মানুষের ওপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। নেতাজি ও স্বামী বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্বদের মূর্তিতে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বক্তারা জানান, গত ১৯ আগস্ট খাসি স্টুডেন্টস ইউনিয়নের পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে উত্তেজনার সময় নেতাজির মূর্তি ভাঙচুর, স্বামী বিবেকানন্দের মূর্তিতে আঘাত এবং বাঙালি, অসমীয়া-সহ বিভিন্ন অ-খাসি সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনা ঘটে।

সভায় বক্তারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিভাজন ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের ঘটনা শুধু মেঘালয়েই সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি মনীষী ও মহান ব্যক্তিত্বদের নিয়ে কটূক্তি ও আক্রমণের ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ ও সরব হওয়ার আহ্বান জানান তাঁরা। সভায় কবি-লেখক দীপক সেনগুপ্ত, আইনজীবী সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণা দেব, মজনুল হক মজুমদার, সুবীর দেব, নেতাজি চর্চা সমিতির সুব্রত চন্দ্র নাথ, নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রণব রায় চৌধুরী, সূর্যকান্ত সরকার, সন্তোষ দে, মিহির নন্দী, সুজিত দেব ও কৃপাসিন্ধু দেব-সহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, আগামীকাল শনিবার বিকেল ৪টায় নেতাজি চর্চা কমিটির উদ্যোগে ক্ষুদিরাম বসুর পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি মেঘালয়ের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *