বরাক তরঙ্গ, ২০ আগস্ট : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উধারবন্দের গোঁসাইপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন কোডিনযুক্ত কাশির সিরাপ ও সাইকোট্রপিক মাদকদ্রব্য উদ্ধার করেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ লস্কর দোকানের কাছে অবস্থিত ওই গোডাউনে অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানে টাসকো প্লাস কোডিন কফ সিরাপের ৪২টি কার্টন উদ্ধার করা হয়েছে। প্রতিটি কার্টনে ১৫০টি করে মোট ৬,৩০০ বোতল সিরাপ ছিল। পাশাপাশি ওয়েনরেক্স কোডিন কফ সিরাপের ৮০টি কার্টন উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে ১২০টি করে মোট ৯,৬০০ বোতল সিরাপ পাওয়া যায়।
এছাড়াও ১৩০টি স্ট্রিপে মোট ২,৬০০টি ট্রামাডল ক্যাপসুল উদ্ধার করেছে পুলিশ। সব মিলিয়ে অভিযানে মোট ১৫,৯০০ বোতল কোডিনযুক্ত কাশির সিরাপ এবং ২,৬০০টি ট্রামাডল ক্যাপসুল বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
এই ঘটনায় সোহুদ আহমেদ লস্কর (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি উধারবন্দের গোঁসাইপুর দ্বিতীয় খণ্ডের হাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কাছাড় পুলিশ।



