লোকগণনার কাজে শিক্ষকদের নিয়োগে এআইডিএসওর তীব্র ক্ষোভ, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত করে শিক্ষকদের লোকগণনার কাজে নিয়োগের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)-এর অসম রাজ্য কাউন্সিল। বুধবার এক প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, লোকগণনার কাজে শিক্ষকদের নিয়োজিত করায় রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক-সংকট তৈরি হয়েছে। এর ফলে নিয়মিত পঠন-পাঠন ব্যাহত হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে স্কুলে আসা বহু পড়ুয়াকে ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে।

এআইডিএসওর দাবি, লোকগণনার কাজে যুক্ত শিক্ষকদের একের পর এক সরকারি নোটিশ পাঠিয়ে মানসিক চাপের মধ্যেও রাখা হচ্ছে। সম্প্রতি তাঁদের একই সঙ্গে লোকগণনার দায়িত্ব পালন এবং স্কুলে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের মতে, একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার এই নির্দেশ সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত এবং এর ফলে শিক্ষক সমাজ চরম মানসিক চাপের মুখে পড়ছেন।

এআইডিএসওর অসম রাজ্য কাউন্সিলের দাবি, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত করে কোনোভাবেই শিক্ষকদের লোকগণনার কাজে নিয়োজিত করা যাবে না। এই কাজের জন্য অন্যান্য সরকারি বিভাগের কর্মীদের নিয়োগের পাশাপাশি বিশেষ নিয়োগের মাধ্যমে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
সংগঠনটি শিক্ষার অধিকার ও পড়ুয়াদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে এমন নীতি অবিলম্বে প্রত্যাহার এবং রাজ্যের স্কুলগুলিতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *